ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার রাফাহ শহরে আগ্রাসনের যে পরিকল্পনা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী, সেটির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে চীন। অনতিবিলম্বে গাজ্জায় স্থল অভিযানের পরিকল্পনা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, রাফাহ অঞ্চলের ঘটনাবলী চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরোধিতা ও নিন্দা জানায় চীন।
চীনা কূটনীতিক যত দ্রুত সম্ভব ইসরাইলকে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এড়ানোর পরামর্শ দেন।
তিনি বলেন, রাফাহ অঞ্চলে ভয়াবহ রকমের মানবিক বিপর্যয় এড়াতে এই পদক্ষেপ নেয়া দরকার।
গাজ্জা-ইসরাইল যুদ্ধ শুরুর পর তেল আবিব রাফাহকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে এবং উত্তর গাজা থেকে লোকজন সেখানে আশ্রয় নেন। অথচ সেখানে এখন সর্বাত্মক আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে ইসরাইল।
রাফাহ শহরে বর্তমানে ১৪ লাখ মানুষ বসবাস করছে যা স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি। সেখানে ইসরাইল যদি সামরিক আগ্রাসন চালায় তাহলে ইতিহাসের জঘন্যতম মানবিক বিপর্যয় ঘটবে বলে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সূত্র : পার্সটুডে











