ভারতে একটি মুসলিম ছেলে পানি খেতে মন্দিরে গেলে তাকে বেধড়ক মারধর করেছে এক উগ্র হিন্দুত্ববাদী। এমন ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এর পর এনিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ। লোকজন ভিডিওটি শেয়ার করে ওই হিন্দুত্ববাদীকে গ্রেফতারের দাবি জানান।
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি শিশুর হাত ধরে হিন্দি ভাষায় তার নাম জানতে চাইছেন। জবাবে ছেলেটি জানায় তার নাম আসিফ। পিতার নাম জানতে চাওয়া হলে সে বলে হাবিব।
`মন্দিরে কি করছ?’ হিন্দিতে ওই ব্যক্তি জানতে চাইলেন। `মন্দিরে পানি খেতে এসেছি,’ ছেলেটি জবাব দেয়। এসময় তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল।
এর পর পরই শিশুটিকে মারতে শুরু করেন ওই উগ্র হিন্দুত্ববাদী। প্রথমে মাথায় ও পরে সারা শরীরে চড় মারতে থাকে সে। এক পর্যায়ে শিশুটির হাত মুচড়ে তাকে মাটিতে ফেলে দিয়ে অনবরত লাথি ও কিল ঘুষি মারতে শুরু করে।
গাজিয়াবাদের পুলিশ ছেলেটিকে মারধর করার অভিযোগ একজনকে গ্রেফতার করেছে এবং ভিডিওতে যা দেখা গেছে তার ভিত্তিতে একটি প্রাথমিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ভিডিওতে যে ব্যক্তি শিশুটিকে মারধর করছিলেন তিনি বিহারের বাসিন্দা। তাকে গ্রেফতার করার পর এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।












