তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে যাওয়ার আশঙ্কায় ট্রেনের গতি কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত গরমের কারণে এই রেলপথের বিভিন্ন অংশে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেন চালাতে লোকো মাস্টারদের নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ছাড়া মালবাহী ট্রেনগুলোকে ৩০ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই রেলপথে স্বাভাবিক সময়ে ৭২ কিলোমিটার পর্যন্ত গতিতে ট্রেন চলাচল করতো উল্লেখ করে তিনি বলেন, দাবদাহের অবস্থার ওপর ভিত্তি করে গত ১১ এপ্রিল মঙ্গলবার থেকে প্রতিদিন নির্দেশনা দেওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চলাচল করে।
আখাউড়া রেলওয়ে জংশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, সাধারণ পরিবেশের তাপমাত্রার চেয়ে রেললাইনে তাপমাত্রার পরিমাণ সব সময়ই বেশি থাকে। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইনের পাত গলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ কারণে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে গত ১১ এপ্রিল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে এরকম নির্দেশনা বলবৎ আছে।











