খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের ১৮টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর মধ্যে রয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাত।
তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কার মধ্যে আমেরিকার কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাবুল থেকে দূতাবাস খালি করার তোড়জোড় শুরু করেছে আমেরিকা ও ব্রিটেন।
এ অবস্থায় দেশের জনগণ চাইলে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন মদদপুষ্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
শুক্রবার (১৩ আগস্ট) কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন আশরাফ গনি। তবে এ জন্য একটি শর্তের কথা জানিয়েছেন তিনি।
আশরাফ গনি বলেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; অন্য কোন দেশ নয়।












