পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
তিনি বলেন, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া না হলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
আফ্রিদি বলেন, ‘২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার নিজে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল আমি আবার ফিরে আসব।’
বৈঠকের অনুমতি না দিলে পিটিআইয়ের ডি-চক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন আফ্রিদি। দলীয় কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন তিনি।
আফ্রিদির ভাষ্য, এই প্রতিবাদের মাধ্যমে জানানো হবে যে ২০২২ সালের এপ্রিল থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।
পিটিআইয়ের মিডিয়া সেলে তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দলীয় কর্মীরা বিভিন্ন মোড়ে গিয়ে ইমরান খানের পক্ষে স্লোগান দিয়েছেন।
আফ্রিদি বলেন, পিটিআইয়ের অন্যান্য এলাকাতেও একই ধরনের আন্দোলন শুরু হবে। আগামী রোববার বান্নুতে রাজপথে একটি কর্মসূচি আয়োজনের কথাও জানান তিনি।
২৭ সেপ্টেম্বরের কর্মসূচিতে ২০ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে দাবি করে তিনি বলেন, এই তারিখটি কর্তৃপক্ষের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠবে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।
আফ্রিদি বলেন, পাকিস্তান ও পিটিআইয়ের পতাকা বহনকারী প্রত্যেক ব্যক্তিকেই ইমরান খানের সমর্থক হিসেবে গণ্য করা হবে।
তিনি আরো বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায়। কেবল ইমরান খানই এসব সমস্যার সমাধান নিশ্চিত করতে পারেন।
সূত্র: ডন










