দেশ যখন বিপদে পড়ে, তখন দেশের মানুষ বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব বিএনপিকে দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপি বিশৃঙ্খলা করলে এর লাভ হবে গুপ্ত ও পলাতক বাহিনীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে বিপদ থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া। দল না থাকলে পদের কোনো দাম নেই। আর শৃঙ্খলা না থাকলে কোনো সংগঠন এগিয়ে যেতে পারে না।
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।












