spot_img
spot_imgspot_img

মালদ্বীপে ইসলাম গ্রহণের ৯০০ বছর পূর্তি উদযাপন

মালদ্বীপে ইসলাম গ্রহণের ৯০০ হিজরি বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দেশটির ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও মুসলিম পরিচয়কে সামনে রেখে ধর্মীয় আলোচনা, খুতবা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দেশজুড়ে ‘মালদ্বীপের ইসলাম গ্রহণ দিবস’ উপলক্ষে এসব কর্মসূচি পালিত হয়।

মালদ্বীপের প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ৫৪৮ হিজরি বা ১১৫৩ খ্রিস্টাব্দে দেশটির তৎকালীন রাজা দোভেমি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি সুলতান মুহাম্মাদ বিন আবদুল্লাহ নাম ধারণ করেন। তার ইসলাম গ্রহণের পর মালদ্বীপও শান্তিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে আসে।

ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, মুসলিম দাঈ ও আলেম আবুল বারাকাত ইউসুফ আল-বারবারির হাতে রাজা ইসলাম গ্রহণ করেন। এরপর ধীরে ধীরে মালদ্বীপের রাষ্ট্রীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে ইসলাম।

ইসলাম গ্রহণের ৯০০ হিজরি বছর পূর্তি উপলক্ষে রাজধানী মালের সম্প্রসারিত শহর হুলহুমালেতে ‘সুলতান মুহাম্মাদ বিন আবদুল্লাহ গ্র্যান্ড মসজিদ ও ইসলামিক সিভিলাইজেশন সেন্টার’ নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

দেশটির প্রথম মুসলিম শাসক সুলতান মুহাম্মাদ বিন আবদুল্লাহর নামে এ মসজিদ ও ইসলামি সভ্যতা কেন্দ্রের নামকরণ করা হয়েছে।

মালদ্বীপের ইসলামবিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ শাহিম বলেন, সুলতান মুহাম্মাদ বিন আবদুল্লাহর ইসলাম গ্রহণ মালদ্বীপের ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছিল। এর মধ্য দিয়েই দেশটির দীর্ঘ ইসলামি ও সভ্যতাগত যাত্রা শুরু হয়।

তিনি জানান, মালদ্বীপ ৫৪৮ হিজরির রবিউস সানি মাসে ইসলাম গ্রহণ করে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ২ রবিউস সানি দেশটিতে ইসলাম গ্রহণ দিবস পালন করা হয়।

শতাব্দীর পর শতাব্দী ধরে মালদ্বীপের সুলতান, আলেম ও সাধারণ মানুষ মসজিদ নির্মাণ, দ্বীনি শিক্ষা এবং কুরআন শিক্ষার মাধ্যমে দেশটির ইসলামি ঐতিহ্য ধরে রেখেছেন।

মালদ্বীপে একসময় প্রবাল পাথরে নির্মিত মসজিদ ছিল ইসলামি স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। বর্তমানে দেশটিতে ইসলামি শিক্ষা বিস্তারে মালদ্বীপ ইসলামিক ইউনিভার্সিটিসহ বিভিন্ন কুরআন ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে।

এবারের রাষ্ট্রীয় আয়োজনে মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মাদ মুইজ্জুও অংশ নেন। সরকার দেশটির ইসলামি পরিচয়, ঐতিহাসিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছে।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ইসলাম গ্রহণের আগে বৌদ্ধধর্মের প্রভাব ছিল। পরবর্তী সময়ে আরব ও ফারসি মুসলিম ব্যবসায়ী ও দাঈদের সঙ্গে যোগাযোগ দেশটিতে ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ