আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ব্যাপক মাত্রায় বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, উত্তেজনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট ব্যাপক মাত্রায় বেড়েছে। এসব অপকর্মের সঙ্গে সরকারি দলের লোক জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকারের প্রত্যক্ষ মদতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কুমিল্লার ঘটনায় জনজীবনে শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। দেশের জনগোষ্ঠীর কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান-উৎসবে এখন নিরাপত্তা নেই। সরকার তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই নানা ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল নির্মাণ করে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে না পারা, আইনশৃঙ্খলার চরম অবনতি, অসহনীয় বেকারত্ব, সরকারি দলের লোকদের ব্যাপক চাঁদাবাজি, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার, ক্ষমতাসীনদের নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসা রটানো, নাগরিকদের বাক-ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দেওয়াসহ দেশের নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই সরকার কুমিল্লায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটি সরকারের পরিকল্পিত চক্রান্ত।











