spot_img

কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ইশা ছাত্র আন্দোলন

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীম আকরাম ও ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন পরশ এর বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলাটিকে মিথ্যা দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সভায় নেতৃদ্বয় এ দাবি জানিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ছাত্রনেতা নূরুল করীম আকরাম ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মনোনীত হওয়ার পর সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতায় ছাত্র সমাজের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অপরদিকে ইশা ছাত্র আন্দোলন শিক্ষার্থী ও শিক্ষা বান্ধব কর্মসূচি পালন করে ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদের আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই মূহুর্তে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টীমের কে বা কারা বিগত তিন বছর পূর্বের ২০১৮ সালের দায়ের করা একটি মিথ্যা মামলা আলোচনায় নিয়ে এসেছে।

তিনি বলেন, ২০১৮ সালের দায়ের করা এ মামলা সম্পর্কে আমরা পূর্ব থেকে অবহিত ছিলাম না। প্রশাসনের পক্ষ থেকেও পূর্ব থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু হঠাৎ কেন বা কোন উদ্দেশ্যে এ মামলা সামনে আনা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা মনেকরি এ মামলা দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এ ঘৃণিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মানুষকে অহেতুক মিথ্যা মামলায় হয়রানি করার জন্য নয়। আমরা মনে করি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতিকে যে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে তা সম্পূর্ণ সাজানো ও পরিকল্পিত একটি ষড়যন্ত্র। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, দেশের বৃহৎ একটি আদর্শিক ছাত্র সংঠনের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে করা মিথ্যা মামলা দেশের ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না করলে এদেশের ছাত্র সমাজ দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ