ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সব ধর্মের মানুষ কীভাবে সমাজবদ্ধভাবে বসবাস করবে তা আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন। আমরা যদি স্ব স্ব ধর্মের ধর্মগুরুদের উপদেশ মেনে চলি তাহলে কোনো সংঘাত, হানাহানি সৃষ্টি হবে না।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মাগুরায় আছাদুজ্জামান মিলনায়তনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় ও সামাজিক প্রভাবক ব্যক্তিদের নিয়ে আন্তঃধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে সারাদেশে যারা নাশকতা ঘটিয়েছিল, তাদের দোসররাই ১৫ আগস্ট ও পরবর্তী সব ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, সাম্প্রদায়িক উসকানিদাতাদের এ দেশে কোনো ঠাঁই হবে না।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাগুরায় সব ধর্মের মানুষের সম্প্রীতির যে বন্ধন লক্ষ্য করা যায় তা সারাদেশে ছড়িয়ে দিতে পারলে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সহায়ক হবে। সব মানুষের সহযোগিতায় মাসব্যাপী কাত্যায়ানী পূজা ও মেলায় যে সম্প্রীতি মাগুরাবাসী গড়ে তুলেছেন, তা না দেখলে উপলব্ধি করা যাবে না।











