আওয়ামী লীগ নেতাদের বসার জন্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশ করে কিছু চেয়ার খালি রাখতে বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তার বক্তব্য, উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলছি, অনুষ্ঠানে কিছু চেয়ার খালি রাখবেন; যাতে আওয়ামী লীগের নেতারা বসতে পারেন। কারণ, কঠিন সময়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই রাজপথে রক্ত দেবে।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক খাদ্য গুদাম এবং খাদ্যের পুষ্টিগুণ নিশ্চিতের জন্য প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সামনে কঠিন সময় আসছে। সেই কঠিন সময়ে আমাদের দলীয় নেতাকর্মীদের পরীক্ষা দিতে হবে। আঘাত এলে আওয়ামী লীগের কর্মীরাই রাজপথে লড়াই-সংগ্রাম করে জয় নিয়ে আসবে।
তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। আমরা খুশি হয়েছি। কিন্তু ’৭৫ পর যারা আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার জন্য জীবন দিয়েছেন– তাদের তালিকা তৈরি করে প্রকাশ করার হোক। একই সঙ্গে এসব ত্যাগী নেতাকে সম্মানিত করা হোক।










