আফগানিস্তানে আমেরিকার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। একই সঙ্গে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগের তদন্তে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সিদ্ধান্ত দেওয়া হলেও শুক্রবার (১৩ নভেম্বর) আদালতের নথিতে তা প্রকাশ করা হয়। নথিতে বলা হয়েছে, আফগানিস্তানে কার্যকরভাবে তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখে পড়েছে। এ কারণে মূল তদন্তে আর কার্যকরভাবে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না।
আমেরিকা ও নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির মধ্যে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। বিশেষ করে আমেরিকার নাগরিকদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় দুই পক্ষের বিরোধ তীব্র হয়েছে। এর জেরে ওয়াশিংটন আইসিসির বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আদালতের এ সিদ্ধান্তে শুধু আমেরিকার সেনাদের বিরুদ্ধে তদন্তই বন্ধ হচ্ছে না, খোরাসান প্রদেশভিত্তিক ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন আইএস খোরাসানের বিরুদ্ধেও মূল তদন্তের কার্যক্রম বন্ধ হচ্ছে। আমেরিকার সেনাদের বিরুদ্ধে তদন্ত ২০২১ সাল থেকেই কার্যত স্থবির ছিল।
তবে আইসিসির কৌঁসুলির দপ্তর বার্তা সংস্থা এপি ও রয়টার্সকে জানিয়েছে, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করেছে। ফলে বিষয়টি এখনো বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
আইসিসি ভেঙে দেওয়ার হুমকি আমেরিকার
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমেরিকার নাগরিকদের বিচার করতে দেবেন না।’
গত অক্টোবরে দেওয়া এক বিবৃতিতে রুবিও আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকার নাগরিকেরা আর হুমকির মুখে না থাকা পর্যন্ত আমেরিকা ধাপে ধাপে আইসিসিকে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।’
তবে আমেরিকার সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধের এ সিদ্ধান্তের পর ওয়াশিংটন আইসিসির বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। আমেরিকা আইসিসির সদস্য নয় এবং এ আদালতের বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।
আইসিসির প্রতিষ্ঠাকালীন রোম সংবিধান অনুযায়ী, আদালতের সদস্যদেশগুলোর ভূখণ্ডে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার এখতিয়ার রয়েছে আদালতের। কোনো ব্যক্তি সদস্যদেশের নাগরিক না হলেও সদস্যদেশের ভূখণ্ডে অপরাধ সংঘটিত হলে আদালত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
২০০২ সাল থেকে তদন্তের আওতায় অপরাধ
আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয় ২০০৭ সালে। পরে ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দেওয়া হয়। এ তদন্তের আওতায় আফগানিস্তানের সরকারি বাহিনী, তালেবান, আমেরিকার সেনা এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।
তবে ২০২১ সালে তদন্তের দায়িত্বে থাকা তৎকালীন আইসিসি কৌঁসুলি করিম খান ঘোষণা দেন, আমেরিকার বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্তকে অগ্রাধিকার দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত জানান।
এদিকে গত বছর তালেবানের চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর নারী ও মেয়েদের পাশাপাশি যৌন ও লিঙ্গপরিচয়ভিত্তিক নিপীড়নের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এসব পরোয়ানা জারি করা হয়। তালেবানের কর্মকাণ্ডের ওপর পৃথক তদন্তে গুরুত্ব দেওয়ার বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতার অংশ।
চলতি বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগের তদন্তের পর করিম খান আইসিসির কৌঁসুলির দায়িত্ব থেকে সরে যান। তিনি আফগানিস্তানবিষয়ক তদন্তের দায়িত্বে ছিলেন।
সূত্র: রয়টার্স, এপি, আন্তর্জাতিক অপরাধ আদালত।











