আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, কখনো শুনি বিএনপির নেতৃত্বে ৩০ দল, কখনো শুনি ৫৪ দল। এতই যদি জনসমর্থন থাকে তবে নির্বাচনে আসতে তাদের ভয় কেন? আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনেই দেশবিরোধী শক্তিকে নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা (বিএনপি)।
রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু মাত্র ৯ মাসে একটি পূর্ণাঙ্গ সংবিধান দিয়েছিলেন। এখন যারা সংবিধান পরিবর্তনের আন্দোলন করছে, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করতে চাইছে, শেখ হাসিনার বিরোধিতা করছে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। তারা এবং তাদের দোসররা একাত্তরে নারী নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতাকে পুঁজি করে এদেশের মুসলমানদের বিভ্রান্ত করে বাংলার মানুষকে শোষণ ও শাসন করেছে পাকিস্তান। তাদের সেই দোসররা আবারো সক্রিয়।











