ইউক্রেন-রাশিয়া উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন উত্তেজনার পারদ যেন কেবলই ওপরের দিকে উঠছে। রাশিয়া যেকোনো মুহূর্তে পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা করতে পারে বলে আগেই জানিয়েছে আমেরিকা। আর এবার সরব হলো ফ্রান্সও। দেশটি বলছে, সীমান্তে সকল সরঞ্জাম মোতায়েন সম্পন্ন হয়েছে এবং ইউক্রেনে বড় ধরনের হামলা চালানোর জন্য মস্কো প্রস্তুত।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে ড্রিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
তবে আমেরিকা বলছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া। একই আশঙ্কা প্রকাশ করছে আমেরিকার অন্যান্য মিত্র দেশও। এমনকি বুধবার (১৬ ফেব্রুয়ারি) এই হামলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। যদিও নির্দিষ্ট কোনো তারিখের কথা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে ড্রিয়ান আশঙ্কা প্রকাশ করেছেন, রাশিয়া সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করার পরে যেকোনোও মুহূর্তে দেশটি ইউক্রেনের ওপর বড় ধরনের আক্রমণ করতে পারে।











