তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেছেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগানোর কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) সিংড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার কৃষকদের মাঝে আউশ ধানের প্রণোদনার বীজ ও সার এবং ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, কৃষিতে শ্রম সংকটের নিরসনে ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। এখন আর কৃষকদের সার ও ডিজেলের দাবিতে আন্দোলনে নামতে হয় না, জীবন দিতে হয় না। অথচ খালেদা জিয়ার সরকারের আমলে সারের জন্যে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল এবং ২০০১-২০০৬ সময়ে ওই একই সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে ১৪ জনকে জীবন দিতে হয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করে শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সব নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে।










