spot_img
spot_img

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’-এর প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন।

লিডারস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে টাইম ম্যাগাজিনের এডিটর-অ্যাট-লার্জ ক্যাম্পবেল বলেছেন, কয়েক মাস আগেও দক্ষিণ-পশ্চিম লন্ডনের গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ৫৭ বছর বয়সী এই রাজনীতিককে বিরোধী আন্দোলনের নেতা থেকে দেশের প্রতীক্ষিত এক জাতীয় নেতায় পরিণত করেছে। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে তার সেই নিয়তি পূরণ হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় ‘লিডারস’ (নেতা) ক্যাটাগরিতে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

টাইমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা প্রোফাইলে বলা হয়, নির্বাচনে জয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের ঢাকা ফেরার মাত্র পাঁচ দিন পর মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

টাইম লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘হানিমুন পিরিয়ড’ বা প্রাথমিক স্বস্তির সময় হয়তো অন্যদের তুলনায় সংক্ষিপ্ত হবে। তবে দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের পর তিনি সময় নষ্ট না করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

টাইম ম্যাগাজিনকে তারেক রহমান বলেছেন, “আমাদের একসঙ্গে কাজ করা ও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।”

টাইমের এ বছরের বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় সবার শীর্ষে রয়েছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এরপর ‘লিডারস’ ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এরপর চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ