পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন এবং ধর্মীয় স্বাধীনতা হরণের কথা উল্লেখ করে তারা বলেন, অবিলম্বে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বক্তারা বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তি জাতি মেনে নেবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাছির উদ্দিন খান, মাওলানা রাশেদ ইলিয়াস, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী জাবের কাসেমী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও মাওলানা আবু বকর সিদ্দিক।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।











