মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিককে পাওয়া গেলে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, যদি আমরা কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেব। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না।
বুধবার (১৫ জুলাই) রাজধানী কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এ কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যে ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ছাড় দেবে না।
ইসরাইলের পাসপোর্টধারীদের জন্য সাধারণত বিশেষ সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ, কারণ দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেয় না।
জোহরভিত্তিক একটি স্টার্টআপ কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’ সম্পর্কিত অভিযোগের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত শুরু করেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড










