spot_img
spot_img

আফগানদের সহায়তায় আন্তর্জাতিক সংহতি জোরদারের আহ্বান কাতারের

প্রতিবেশী দেশগুলো থেকে বিপুলসংখ্যক আফগান নাগরিক ফিরে আসার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংহতি জোরদার, মানবিক ও উন্নয়ন সহায়তা বাড়ানো এবং আফগানিস্তান নিয়ে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কাতার।

১৪ অক্টোবর জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ৭৭তম অধিবেশনের সাইডলাইনে আফগান শরণার্থী ও প্রত্যাবাসনকারীদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক সংলাপে কাতারের স্থায়ী মিশন এ আহ্বান জানায়।

বৈঠকে কাতারের মিশন আফগানিস্তানের মানবিক, অর্থনৈতিক ও উন্নয়নগত চ্যালেঞ্জগুলো তুলে ধরে। একইসঙ্গে ফিরে আসা আফগান নাগরিকদের প্রয়োজন মেটাতে আরও বেশি আন্তর্জাতিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

কাতার আফগান শরণার্থী সমাধান কৌশল ও এর সহায়তা প্ল্যাটফর্মের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশটি জানায়, তারা এই প্ল্যাটফর্মের প্রথম মূল দলের সভাপতিত্ব করছে। একইসঙ্গে কয়েক দশক ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসা দেশ ও জনগোষ্ঠীগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর গুরুত্ব তুলে ধরে কাতারের মিশন।

মিশনটি আরও জানায়, আফগান প্রত্যাবাসনকারীদের টেকসইভাবে সমাজে পুনঃএকীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় সেবা, আশ্রয়, শিক্ষা ও জীবিকা অর্জনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

কাতারের মিশন জানায়, দেশটি তার মানবিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আফগানিস্তানের বিভিন্ন খাতে সহায়তা দিয়ে যাচ্ছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকা অর্জনের সুযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সংলাপ সহজতর করতে কাতারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশেষ দূত ও বিভিন্ন কর্মদলের বৈঠক আয়োজনের বিষয় রয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক সমন্বয় বাড়ানো, স্থিতিশীলতায় সহায়তা করা এবং আফগানিস্তানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনঃএকীভূত হওয়ার পথ সহজ করা।

কাতারের মিশন আফগান শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে আরও ন্যায্যভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া, মানবিক ও উন্নয়ন সহায়তার সমন্বয় উন্নত করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানায়।

মিশনটি ইউএনএইচসিআর ও অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ অব্যাহত রাখার জন্য কাতারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে আফগানরা যেন মর্যাদা, শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জীবনযাপন করতে পারে, তা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ