জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন সামান্তা শারমিন।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
সামান্তা শারমিন জানান, দুপুর ১২টা ২৭ মিনিটে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের ওই ব্যক্তি তাকে ফোন করেন। এ সময় কিছুদিনের মধ্যে তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি আরও জানান, হোয়াটসঅ্যাপে প্রথমবার কল আসার সময় নেটওয়ার্ক চলে যাওয়ায় তিনি শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পেয়েছিলেন। পরে ওই ব্যক্তি আবার ফোন করেন। ফোন ধরার পর তিনি নিজের নাম সবুজ খান এবং বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দেন।
সামান্তা শারমিন বলেন, ওই ব্যক্তি তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। এর অর্থ জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে ওই ব্যক্তির কাছে বরগুনা জেলা ছাত্রলীগে তার পদবি এবং বরগুনার কোথায় তার অবস্থান, ঢাকায় রাজনীতি করতেন কি না, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতি করেন, এসব জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওই ব্যক্তি গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে নিজেই ফোন কেটে দেন।
এ ঘটনায় রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন সামান্তা শারমিন। তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।











