আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটি মডেল নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জবাসী এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতি একটি বার্তা দিয়েছেন সেটা হলো দেশের মানুষ এখন উন্নয়নের পক্ষে নৌকার পক্ষে। এই বার্তা জানতে পেরে আতঙ্কিত হয়েছে সাম্প্রদায়িক একটি দল। এই নির্বাচনের মাধ্যমে জাতির কাছে যে বার্তা গেছে তাতে তারা (বিএনপি) উন্মাদ হয়ে গেছে। সেই উন্মাদনায় তাদের কিছুই ভালো লাগে না। তাদের ভালো না লাগার এই ওষুধ আমাদের কাছে নাই। এই ওষুধ হলো দেশের জনগণ। তারা (বিএনপি) আগামী নির্বাচনে জনগণের কাছে থেকে প্রত্যাখান হবে জানতে পেরে তাদের এখন ভালো লাগে না। এই ভালো না লাগার দলটি হলো বিএনপি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় নাসিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই দলটি কিভাবে এগিয়ে যাবে, তারা হলো মাউথ ছাড়া হাতি। যে দলের কোনো নেতা নেই, সে দলের কোনো মাথা নেই। এটাই হলো বিএনপি। সে দলের (বিএনপি) কোনো অস্তিত্ব নেই।
কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবে তারা? তারাই আজও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করছে।
সার্চ কমিটি নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশে গত ৫০ বছর যে আইন করা হয়নি, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে পাকাপোক্ত করা হয়নি। শেখ হাসিনা সেই আইন করে নির্বাচনী ব্যবস্থা পাকাপোক্ত করে দিয়েছেন। শেখ হাসিনা নির্বাচন আইন করে গণতন্ত্রকে উদ্ধার করেছে, গণতন্ত্রকে শক্তিশালী করেছেন। বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে তারা কিভাবে গণতন্ত্রের কথা বলে। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারাই দেশের মানুষকে গণতন্ত্র শিখায়। বিএনপির হাতে কখনো গণতন্ত্র নিরাপদ না, এটা দেশের মানুষ ভালো করে জানে।










