তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের করা রাস্তাঘাটের গর্ত ভরাট করার ক্ষমতাও বিএনপি’র নেই।
বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আয়োজনে সরকারের সামাজিক কর্মসূচির উপকারভোগীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গ্রাম এখন শহরে পরিণত হয়েছে, শহরের সুবিধা পাওয়া যাচ্ছে গ্রামে। আওয়ামী লীগ সরকার গ্রামে যেসব রাস্তাঘাটা করেছে তার গর্তগুলো ভরাট করার ক্ষমতাও নেই বিএনপির। অথচ ভোট আসলে তারা সুন্দর সুন্দর জামা-কাপড় পরে এসে বড় বড় কথা বলবে। এসব মৌসুমি ভোট লুটেরাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানে দেশ ডিজিটাল হয়েছে বলে এখন বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিডিও কলে দেখে দেখে কথা বলা যায়। এখন প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন, ফ্রিজ আবার অনেকের ঘরে এসি। এসব ১৪ বছর আগে ছিল না। আগে মুষ্টিমেয় কিছু মানুষের ঘরে বিদ্যুৎ থাকলেও মাঝেমধ্যে বিদ্যুৎ আসতো। আর এখন বিভিন্ন দুর্যোগের কারণে মাঝেমধ্যে বিদ্যুৎ যায়। ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার অবদান এবং বদলে যাওয়া বাংলাদেশের চিত্র।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বর্তমানে দেশে সাধারণ মানুষের মাঝে ২২ প্রকারের ভাতা দিচ্ছে। ভিজিডি, ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল দেয়া হচ্ছে, এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫ কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দিচ্ছে, ৫০ লাখ ওএমএস কার্ডের মাধ্যমে, ঈদ এবং পূজায় বিনাপয়সায় চাল দেয়া হয়। বিনাপয়সায় বছরের প্রথম দিন নতুন বই দেয়া হয়। করোনার সময় বিনাপয়সায় টিকা দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ ফ্রি দেয়া হচ্ছে। আগে ক্ষমতায় জিয়া, খালেদা জিয়া, এরশাদ এবং তত্ত্বাবধায়ক সরকারও ছিল। এধরণের ভাতা এবং সাহায্যগুলো আগে কখনো ছিলনা, নৌকা মার্কার সরকার এসব করেছে।
সূত্র : বাসস










