spot_img
spot_img

আমাদের হাজারের বেশি নাগরিক ভারতীয় বাহিনী হত্যা করেছে: নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। আমাদের হাজারের বেশি নাগরিক ভারতীয় বাহিনী হত্যা করেছে।

তিনি বলেন, মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছিল। যদি প্রয়োজন হয়, আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো। বাংলাদেশের সীমান্ত আমরা নিরাপদ করবো। আমাদের পানির হিস্যা আমরা আদায় করবো। আমাদের সার্বভৌমত্ব আমরা নিরাপদ রাখবো।

শনিবার (১৬ মে) বিকালে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অভিন্ন প্রায় সবগুলো নদীতে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে ভারত। স্বাধীনতার পর থেকেই আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। এবছর গঙ্গা পানি বণ্টন চুক্তি শেষ হচ্ছে। আমরা নতুন চুক্তিতে আমাদের পানির ন্যায্য হিস্যা দেখতে চাই। আমরা দেখতে চাই, নতুন সরকার ভারতীয় আধিপত্যের বাইরে গিয়ে আমাদের পানির অধিকার নিশ্চিত করতে পারে কিনা। নাকি আওয়ামী লীগের মতো নতজানু চুক্তি করে।

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান নিয়ে তিনি বলেন, সীমান্তে হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে। বাংলাদেশে পুশ ইন করছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। এই সরকারের পক্ষ বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক রেখে ক্ষমতায় এসেছে, আমরা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশকে আমরা কোনো পরাশক্তির প্লে গ্রাউন্ড হিসেবে দেখতে চাই না। আমাদের পররাষ্ট্রনীতি আমাদের জনগণের পক্ষে তৈরি হবে। এক দল আগে ভারতের মুখাপেক্ষী ছিল। এখন সরকার অন্য কোনো পরাশক্তির মুখাপেক্ষী হয়ে দেশ পরিচালনা করবে এটা এদেশের জনগণ মেনে নেবে না।

জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ