বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েও চুপ করে বসে নেই বরং সেখান থেকে উস্কানি দিয়ে জনগণের রক্তে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে এদেশীয় দোসরদের মাঠে নামিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। পরাজিত শক্তি দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। অর্জিত বিজয়কে নস্যাৎ করতে নানামুখী চক্রান্ত করছে। তাদের ষড়যন্ত্র রুখতে পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, আগস্ট মাস দেশের জনগণের জন্য বিজয়ের মাস। জাতির চেতনার সাথে সহমত পোষণ করে ৫ আগস্টের বিপ্লবকে মহিমান্বিত করার জন্য ১৫ আগস্টের শোক দিবস বাতিল করায় অর্ন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।
মাওলানা মামুনুল হক আরও বলেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনার শাসনামলে পিলখানায় নিহত ও আহত সেনা সদস্য, ২০১৩ সালে নিহতও আহত হেফাজতের নেতা কর্মী, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শাস্তি দিতে আর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবী জানাই।
তিনি বলেন, এদেশের মানুষ অতীতেও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করছে বর্তমানেও করছে যার দৃষ্টান্ত মাদরাসার ছাত্র ও ইসলামী দলের নেতা কর্মীরা সংখ্যালঘু ধর্মালম্বীদের উপাসনালয় ও ঘর-বাড়ি পাহারা দিয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশ শেষে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে গণ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর পানির টাংকির সামনে গিয়ে দু‘আ ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।










