ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন রাজস্থান সফর বিক্ষোভমুক্ত রাখতে আগাম শিক্ষার্থী আটক শুরু করেছে রাজস্থান পুলিশ।
রোববার (১৬ আগস্ট) আলওয়ার জেলার আরআর (রাজ ঋষি) কলেজের কয়েকজন শিক্ষার্থী এমন আগাম আটকের শিকার হন।
আটকের বিষয়ে রাজস্থান পুলিশ জানায়, যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, সড়কের বেহাল অবস্থা, মৎস্য কেলেঙ্কারি এবং ছাত্র সংসদ নির্বাচন পুনর্বহালের দাবিতে আরআর কলেজের শিক্ষার্থীরা অমিত শাহের আসন্ন সফরকালে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালো পতাকা প্রদর্শনের পরিকল্পনাও ছিল তাদের। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিরাপদ রাখতে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
সূত্রমতে, রাজস্থান সফরে অমিত শাহের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মারও থাকার কথা রয়েছে। সফরকালে তারা আলওয়ারের বিজয় নগর গ্রাউন্ডে একটি জনসভায় বক্তব্য দেবেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
তবে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচি পালনের আগেই শিক্ষার্থীদের আটক করার ঘটনায় শান্তিপূর্ণ উপায়ে ভিন্নমত মোকাবিলায় কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু তুলে ধরতে চাওয়া শিক্ষার্থীদের বিক্ষোভের আগেই আটকের ঘটনাটি এ উদ্বেগ আরও বাড়িয়েছে।
অমিত শাহের রাজস্থানজুড়ে ৬ হাজার ২৭৯ কোটি রুপি ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন মোট ৯৩৩টি উন্নয়ন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এর মধ্যে আলওয়ারে রয়েছে মোট ১৫১টি প্রকল্প, যার ব্যয় ৭৮৩ কোটি রুপি।
আলওয়ারের প্রকল্পগুলোর মধ্যে একটি সারস ডেইরি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত একটি মেডিকেল কলেজ উদ্বোধনেরও কথা রয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠান চলাকালে রাজ্য পর্যায়ে ‘মুখ্যমন্ত্রী রোজগার উৎসব’ আয়োজনের কথা রয়েছে। সেখানে নতুন নিয়োগ পাওয়া ১০ হাজার ৫৪৮ জন কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তাদের মধ্যে আলওয়ার জেলার ৪৬১ জন কর্মী রয়েছেন।
সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস










