প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর ‘তছনছ’ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খান লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই বলে মন্তব্য করেন তিনি। একজন নেতার ‘বারুদ বজ্রকণ্ঠ’ জনতার মধ্যে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।
রাশেদ খান আরও লেখেন, গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।
নুরুল হক নুরের বক্তব্য প্রসঙ্গে তিনি লেখেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেল।
নুরকে নিজের দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে রাশেদ খাঁন আরও লেখেন, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।











