spot_img
spot_img

ধর্মীয় জ্ঞান অর্জন আল্লাহর পথে জিহাদের অংশ: আফগান আমিরুল মু’মিনীন

ধর্মীয় শিক্ষা, ইখলাস, বিনয় ও শিক্ষকদের সম্মানের গুরুত্ব তুলে ধরেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কান্দাহারের জিহাদি মাদরাসায় এক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আখুন্দজাদা জ্ঞানকে আল্লাহ তাআলার একটি সিফাত হিসেবে উল্লেখ করে বলেন, জ্ঞান অর্জন মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে এবং আধ্যাত্মিক পূর্ণতা অর্জনের পথ তৈরি করে।

তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করা ও সংস্কার প্রতিষ্ঠার জন্য শিক্ষা ও জ্ঞান অর্জন জরুরি। ঈমান ও ধর্মীয় বিশ্বাস সংরক্ষণে আলেম ও সাধারণ মানুষের ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদানের ধারা অব্যাহত রাখা উচিত।

আলেমদের নবীদের উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের মাধ্যমে ধর্মীয় বিধান, সিদ্ধান্ত ও ইসলামী আইন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সমাজ সংস্কারেও আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক স্বীকৃতি, মর্যাদা বা দুনিয়াবি সুযোগ-সুবিধা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং নিজেদের ধর্ম বোঝা এবং সে অনুযায়ী আমল করার নিয়তে জ্ঞান অর্জন করা উচিত। তিনি ধর্মীয় জ্ঞান অর্জনকে আল্লাহর পথে জিহাদের অংশ হিসেবেও উল্লেখ করেন।

তিনি বলেন, অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হবে এবং তা অন্যদের কাছেও পৌঁছে দিতে হবে।

জ্ঞানকে একটি আমানত হিসেবে উল্লেখ করে মাওলানা আখুন্দজাদা বলেন, তা গোপন করা উচিত নয়। সব পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ধর্মীয় শিক্ষা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে না দেওয়া এবং জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যদের কাছ থেকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে অহংকার ও গর্ব থেকে বিরত থাকার ব্যাপারেও সতর্ক করেন। পড়াশোনা শেষ করার পরও ফিকহ ও জ্ঞানবিষয়ক বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার উৎসাহ দেন তিনি।

এসব বৈঠক জ্ঞান বিনিময় এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে বলেও উল্লেখ করেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ দায়িত্বের বিষয়ে মাওলানা আখুন্দজাদা দুনিয়াবি পদ-পদবির প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানান। বর্তমান শিক্ষাজীবনকে একটি পরীক্ষার সময় হিসেবে উল্লেখ করে এ সময়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

শিক্ষকদের সম্মানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের গভীরভাবে সম্মান করতে হবে এবং তাদের আধ্যাত্মিক পিতার মর্যাদায় দেখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিনয়ী থাকা, নিজেদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপাঠীদের মূল্যায়ন করা এবং মাদরাসার নিয়মকানুনের প্রতি গভীর মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ