ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাদের নামে পরিচালিত ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সচিব সাইদুর রহমান খান।
দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তার বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক জানায়, নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তার পরিবারের সদস্যদের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নানক দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।











