আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সরকারকে কোনো রাজনৈতিক দল হটাতে পারবে না। বিএনপি ভেঙে যাওয়া জোট কখনোই আওয়ামী লীগকে হটাতে পারবে না। এখনও সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের আশা ভুলে যান। সঠিক পথে নির্বাচনে আসুন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার। আওয়ামী লীগকে সুশৃঙ্খল করতে হবে। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে মাস্তানি করবে, অরাজকতা করবে, মাদক ব্যবসা করবে, জমি দখল করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাদের প্রতিহত করতে হবে।










