spot_img

বিএনপি নাম জমা না দিলে কিছু যায় আসে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপি নাম জমা না দিলেও কিছু যায় আসে না। বিএনপি মনোনীত ব্যক্তিরা নাম জমা দিয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনে চলমান প্রক্রিয়া নিয়ে বিএনপি’র ভূমিকার সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, দেশের অপরাপর রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজের সকলেই যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নিকট প্রায় ৩০০ মানুষের নাম জমা দিয়েছে, তখন বিএনপি সেখান থেকে দূরে থাকলো, নাম জমা দিলো কি না দিলো, তাতে কিছু যায় আসে না। তবে বিএনপি সরাসরি নাম জমা না দিলেও তাদের মনোনীত ব্যক্তিরা নাম ঠিকই জমা দিয়েছে।

তথ্যমন্ত্রী মন্তব্য করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ খুশি হওয়ায় এবং বেগম জিয়া সুস্থ হয়ে ওঠায় বিএনপি অখুশি।

হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে, ভারতকেও ছাড়িয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। বাংলাদেশ এখন পাকিস্তানের জনগণের কাছে উদাহরণ, তারা সে দেশকে বাংলাদেশ বানানোর আহ্বান জানাচ্ছেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ