পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। আমাদের দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সারা দেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন। নিজের দেশে উন্নত সেবা দিতে পারলে দেশের সুনাম বাড়বে, খরচও কম লাগবে।











