উত্তরাঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের বড় বড় উন্নয়ন প্রকল্প ও বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের বেশিরভাগ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে এ অঞ্চলকে অবহেলা করছে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের জন্য এখন পর্যন্ত বড় ধরনের কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এর ফলে আঞ্চলিক বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে।
কৃষি খাতের বর্তমান সংকট নিয়ে নাহিদ ইসলাম বলেন, কৃষকদের জন্য চালু করা ‘কৃষক কার্ড’ কেবল আর্থিক সহায়তার একটি মাধ্যম। এটি কৃষির মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না। বরং এই কার্ডকে কেন্দ্র করে নতুন করে দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কুড়িগ্রামের আলুচাষিদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ আলু নষ্ট হচ্ছে।
কৃষি খাতের সিন্ডিকেট ভেঙে আধুনিকায়ন এবং সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানান এনসিপির আহ্বায়ক।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চলের মানুষ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রংপুরের শহীদ আবু সাঈদের মতো সাহসী সন্তানেরা আত্মত্যাগ করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরাঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও বাজেটে এ অঞ্চলের জন্য কার্যকর কোনো উদ্যোগ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া জুলাই আন্দোলনে নিহত কুড়িগ্রামের রাজিব হাসানের মা জান্নাতুল ফেরদৌস, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ এতে অংশ নেন।
সমাবেশের বক্তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ অনুসরণ করে কৃষক ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।










