spot_img

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাই ব্যবহৃত হোক, তা আমরা চাই না।

শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা একসঙ্গে জুলাই সনদে স্বাক্ষর করেছি। গণভোটের একটি অংশ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়েও আমরা একমত হইনি। সে সময় আমি বলেছিলাম, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের সম্মতি ছাড়াই জুলাই সনদে ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে।”

তিনি বলেন, “আমরা বরাবরই বলে এসেছি, সংবিধান সংশোধন করতে চাই। আমরা কখনো সংবিধান সংস্কারের কথা বলিনি। দেশে সংস্কার আমরাই এনেছি। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনব্যবস্থা বিএনপি দেশে নিয়ে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও সংসদে সারারাত কাজ করে আমরা নিয়ে এসেছি। আজ যখন সংস্কারের কথা বলা হয়, তখন আমার মনে হয়, জনগণকে বিভ্রান্ত করতেই এসব বলা হচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা যখন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করি, তখন সব শিক্ষিত মানুষ ও বুদ্ধিজীবীকে এক কাতারে আনার চেষ্টা করেছি, যেন তারা কথা বলেন। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সুযোগের পর আমরা স্বপ্ন দেখছি, দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মানুষের কাছে ছুটে যাচ্ছেন। মানুষের কাছাকাছি থেকে তার পিতার মতো মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। ফলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন।”

জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলন জুলাইয়ে পূর্ণ রূপ পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ