spot_img

সাবেক রাষ্ট্রপতি চুপ্পু অসুস্থ, পা অবশ হয়ে পড়ায় চলাফেরায় খুব কষ্ট

শারীরিক অসুস্থতার কারণে আপাতত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর। পায়ে অবশভাব দেখা দেওয়ায় স্বাভাবিক হাঁটাচলা ও চলাফেরায় বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে অত্যন্ত সীমিত পরিসরে চলাফেরা করতে পারছি। শারীরিক এই পরিস্থিতির কারণে আপাতত বাইরে বা বিদেশে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।’

তিনি আরও জানান, নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরা গুলশানের বাসায় এসেও পরামর্শ দিচ্ছেন। তবে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে সরাসরি সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ওঠার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।

ভবিষ্যতে বিদেশে চিকিৎসার ব্যাপারে সাবেক এই রাষ্ট্রপতি উল্লেখ করেন, সম্পূর্ণ বিষয়টি চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তীতে বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়মে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে এবং আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ