spot_img
spot_img

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ এ আশ্বাস দিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এর ফলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হতে পারে।

বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং নতুন দায়িত্ব পালনে ওআইসি মহাসচিবকে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান।

এ সময় ওআইসি মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও গতি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকার প্রশংসা করে মহাসচিব বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সফরসূচিতে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় রাখার কথাও জানান।

বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের ভিন্নতাকে কাজে লাগিয়ে চুক্তিভিত্তিক চাষাবাদ, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা ও শিক্ষাসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে যৌথ প্রকল্প নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করায় ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ। তিনি বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন যৌথ ইস্যুতে আগামী দিনগুলোতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ