গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরীর জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করেন। এতে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন। পরে জয়দেবপুর ও নাওজোর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।











