র্যাব এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাব এখন অনেক ম্যাচিউরড। র্যাবের জবাবদিহিতা অনেক বেড়েছে।
র্যাব এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেসময় র্যাবও কিছু কাজ উল্টাপাল্টা করেছে। তবে র্যাব এখন অনেক ম্যাচিউরড। র্যাবের জবাবদিহিতা অনেক বেড়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উদাহরণস্বরূপ, তিনি নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাব সদস্যের ফাঁসির কথা উল্লেখ করেন। এছাড়াও মন্ত্রী জানান, ২৭০ জনের মতো র্যাব সদস্যের চাকরিতে পদাবনতি হয়েছে।
আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে বিএনপির সঙ্গে কেন বৈঠকে বসেননি এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তা বিএনপিকেই জিজ্ঞাসা করুন।
মন্ত্রী বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত ও দৃঢ় করতে। যেসব কাজে এ সম্পর্কের উন্নয়ন ঘটবে, তিনি সে চেষ্টা করেছেন।
মোমেন আরও বলেন, আমরা তাদের বলেছি যে আমাদের কিছু দুর্বলতা আছে, উনিও তাদের দুর্বলতার কথা স্বীকার করেছেন। বলা যায় আমরা একই পর্যায়ে আছি।
মন্ত্রী বলেন, আমাদের মধ্যে খুব ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। তারা আমাদের ওপর সন্তুষ্ট, আর আমরাও তাদের ওপর সন্তুষ্ট।
এ কে আব্দুল মোমেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চান যে আগামী ৫০ বছরে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও উন্নত হয়। আর আমরা এখন একটা বড় অর্থনীতিতে পরিণত হচ্ছি। আমরা এখন বিশ্বের ৩৫তম অর্থনীতি। তাই তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।
আমেরিকা ও বাংলাদেশের মূল্যবোধ ও মূলনীতি একই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা গণতন্ত্র চায়, আমরাও গণতন্ত্র চাই। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। তারাও মানুষের অধিকার চায়, আমরাও চাই।











