অস্বাভাবিক হারে শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতে ব্যবহৃত জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, হঠাৎকরে এমন অস্বাভাবিক হারে শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতের জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতে ব্যবহৃত গ্যাসের দাম গড়ে প্রায় ১২৬% বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির এক সপ্তাহের মধ্যেই নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলো।
আজ বুধবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, শিল্প-বাণিজ্যি খাতে গ্যাসের এ মূল্যবৃদ্ধির প্রভাব সব কিছুতেই পড়বে। জিনিস-পত্রের উৎপাদন খরচ বেড়ে যাবে। ছোট ছোট শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়বে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা তখন নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে শিল্প, বাণিজ্যিক ও বিদ্যুৎ খাতে ব্যবহৃত জ্বালানী গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবী জানান।










