বেশকিছু দিন ধরেই রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মাঝে মাঝে ‘খুব অস্বাস্থ্যকার’ হয়ে ওঠে।
মঙ্গলবারও (১৮ এপ্রিল) ঢাকার বাতাসের মানে কোনো উন্নতি হয়নি। এদিন বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।
বেলা ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬৪, যা বাতাসের মানকে অস্বাস্থ্যকর বলে নির্দেশ করছে।
আইকিউ এয়ারের সূচকে ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। আর ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।











