আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজী বলেছেন, বাণিজ্যে আস্থা, আঞ্চলিক স্থিতিশীলতা, দেশগুলোর মধ্যে শান্তি এবং মানবিক সম্পর্কের বিস্তারই অর্থনৈতিক সংহতি ও বৈশ্বিক বাণিজ্যের সফলতার মূল ভিত্তি। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে বিশ্বের প্রতি বার্তা হলো শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান।
তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের পঞ্চম আসরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক প্যানেল আলোচনায় নূরুদ্দিন আজিজী এসব কথা বলেন।
‘বাণিজ্যে আস্থা: দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সংহতি ও স্থিতিশীলতার ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনায় তিনি বলেন, আফগান জনগণ প্রায় পাঁচ দশক ধরে নানামুখী দুর্ভোগ, সংকট ও কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এখনও আফগান জনগণের সম্পদ জব্দ করে রাখার বিষয়টি বহাল রয়েছে, যা আমাদের অর্থনৈতিক সক্ষমতাকে সীমিত করে রেখেছে এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
নূরুদ্দিন আজিজী বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বার্তা শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, এই মূল্যবোধ একদিকে ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অন্যদিকে এটি আফগান জনগণের প্রত্যাশারও প্রতিফলন।
সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও তরলীকৃত গ্যাসের দামে কী ধরনের প্রভাব পড়েছে, এমন প্রশ্নের জবাবে নূরুদ্দিন আজিজী বলেন, সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় আফগান সরকার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও আফগানিস্তানে এর মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। দেশটিতে জ্বালানির দাম মাত্র ৩ থেকে ৫ শতাংশ বেড়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি প্রমাণ করে দেশের জ্বালানি ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ সুফল দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আফগান শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে গাজ্জার পরিস্থিতি নিয়ে দেশটির অবস্থানকে তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
নূরুদ্দিন আজিজী বলেন, আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম আঞ্চলিক সংলাপ জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জরুরি বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে কার্যকর আলোচনা এগিয়ে নিতে সহায়তা করছে।
সূত্র : আরিয়ানা নিউজ











