spot_img

‘চিকেনস নেক’ নিরাপত্তা নিয়ে শিলিগুড়ি সীমান্তে অমিত শাহের বৈঠক

‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে বৈঠক করতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে বিশেষ উড়োজাহাজে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এবারই প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরে উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিমানবন্দর থেকে সরাসরি বিএসএফের কদমতলা ক্যাম্পে যান অমিত শাহ। সেখানে রাত্রিযাপন করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমান্ত চৌকিতে পৌঁছান অমিত শাহ। সেখান থেকে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন তিনি। পরে প্রহরী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করেন।

এ ছাড়া ৭৭ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন অমিত শাহ। ওয়াচ টাওয়ারে উঠে সীমান্ত পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমারসহ বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা।

সীমান্ত পরিদর্শন শেষে দুপুরে উত্তরবঙ্গে অবস্থিত রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যায় যান অমিত শাহ। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) সুকেশ জৈন এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, অনুপ্রবেশকারীদের কাছ থেকে পাওয়া ভুয়া ভারতীয় পরিচয়পত্র, গবাদিপশু ও মানব পাচার এবং সীমান্তে নাশকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব তৎপরতা বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দেন অমিত শাহ।

পাশাপাশি ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করেছে। কৌশলগতভাবে অঞ্চলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ