spot_img

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের দুই বছর, বিচার দেখে যেতে চান মা

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের (এটিএম তুরাব) হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে রোববার (১৯ জুলাই)। ২০২৪ সালের এই দিনে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান তুরাব।

দুই বছর পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ সাংবাদিক হত্যা মামলার বিচারপ্রক্রিয়া এখনো শেষ হয়নি। বিচারের অপেক্ষায় রয়েছেন তার বৃদ্ধা মা ও পরিবারের সদস্যরা। দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবার ও সহকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তুরাব। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকেরা জানান, ময়নাতদন্তে তুরাবের শরীরে অসংখ্য ছররা গুলির চিহ্ন পাওয়া যায়।

তুরাব হত্যার ঘটনায় সিলেট মহানগর পুলিশের তৎকালীন কর্মকর্তাসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন তার বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর)। শুরুতে সিলেটের কোতোয়ালি থানা এবং পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন।

এ ঘটনায় এখন পর্যন্ত সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহ কারাগারে রয়েছেন। তবে এজাহারভুক্ত আরও কয়েকজন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তুরাবের স্বজনরা।

তার বড় ভাই বলেন, দুই বছরেও হত্যার বিচার না হওয়া আমাদের জন্য কষ্টের। আমরা চাই, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।

তুরাবের মা এখনো ছেলে হত্যার বিচার দেখে যেতে চান। আর মাত্র তিন মাসের দাম্পত্য জীবনের পর স্বামীকে হারানো স্ত্রী তানিয়া ইসলামও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ