spot_img

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, দেশের মানুষ গণতন্ত্র ও সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে জানিয়েছে। কিন্তু বিপুলসংখ্যক মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই রায় বিএনপি মানতে চায় না।

শনিবার (১৮ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ীতে এনসপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, বিএনপি ভোট মানে, কিন্তু গণভোট মানে না। দেশের জনগণ সরকারকে ভোট দিয়েছে এবং সংস্কারের পক্ষেও ভোট দিয়েছে। সরকার গঠনের ভোট যদি বৈধ হয়, তাহলে সংস্কারের ভোট কেন অবৈধ হবে, এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে।

তিনি বলেন, এই রাষ্ট্র ও প্রশাসনকে একদলীয় করে তোলার চক্রান্ত চলছে। স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। অথচ অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিল, সরকার গঠনের পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।

সীমান্তে পুশইন ও উত্তেজনাসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে এনসিপির সদস্য সচিব বলেন, সীমান্ত অরক্ষিত করার চেষ্টা করা হলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে দেশের জনগণও ভারতীয় আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ফুলবাড়ী পৌর এলাকার জোড়াব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান নিশাত চৌধুরী।

এতে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলটির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদসহ অন্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ