বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে প্রথমবারের মতো রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, সে ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে বাংলাদেশ ও মিয়ানমার কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা, নাগরিকত্ব এবং তাদের মৌলিক অধিকারসংক্রান্ত নানা উদ্বেগের কারণে বড় পরিসরে কোনো প্রত্যাবাসন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান তীব্র সংঘাত সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের সামরিক দমন-পীড়নসহ বিভিন্ন সময়ে পালিয়ে আসা ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।










