ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভবনটির তৃতীয় তলায় এ আগুন লাগে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ভবনের তৃতীয় তলা থেকে হঠাৎ আগুনের ফুলকি ও ধোঁয়া দেখতে পান কর্মরত কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকলে সেখানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের একটি দমকল ইঞ্জিন। পরবর্তীতে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও দুটি ইঞ্জিন যুক্ত হয়ে মোট তিনটি ইঞ্জিনের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এটিসি ভবনে আগুন লাগার কারণে কিছু সময়ের জন্য সেখানে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনটি জাতীয় পতাকার রঙের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল; সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আলোকসজ্জা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।










