spot_img

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি চালু হওয়ায় চাঁদাবাজি কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি চালু হওয়ায় আশা করা যাচ্ছে চাঁদাবাজি কমে আসবে, মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি হলে তা ক্যামেরায় রেকর্ড থাকবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ক্যামেরা ও এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং সাইন-সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অপরাধ ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। পরে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করে সেই তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, জরিমানার তথ্য গাড়ির মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত মুঠোফোন আর্থিক সেবার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগও থাকবে। কোনো গাড়ি তিনবার জরিমানার আওতায় পড়লে তার নিবন্ধন বাতিল করা হবে কি না, তা বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

স্বরাষ্টমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর ভুলত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই ব্যবস্থা চালু করা হবে। অটো ফাইন সিস্টেম সম্পর্কে জনগণকে সচেতন করতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাবে বলেও জানান তিনি।

মহাসড়কে থ্রি-হুইলার নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, তিন চাকার যানগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হবে। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে নন-মোটরাইজড যানবাহন বা থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে মালিক, শ্রমিক ও পুলিশ; সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ