বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবাধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব অভিযোগ করেন।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কলুষিত করছে, এমন আইন সংসদে পাস করছে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন-পীড়ন শুরু হয়েছে।’
অবিলম্বে গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত, মানবাধিকার কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং সাইবার আইন সঠিকভাবে প্রণয়নের আহ্বান জানান নাহিদ ইসলাম।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘২০০১-২০০৬ সালের সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধী দলের পেছনে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচার হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’











