গাজ্জা শহরের উত্তরে শেখ রাদওয়ান পুকুরের কাছে তাকওয়া মসজিদের পাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাফা নিউজ জানিয়েছে, মসজিদের আশপাশে দখলদার ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে হুযাইফা মাহমুদ আওদ শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
একই সময়ে গাজ্জা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে দখলদার বাহিনীর ট্যাংক থেকে ব্যাপক গোলাবর্ষণ ও গুলিবর্ষণ করা হয়েছে।
সাফা নিউজ আরও জানিয়েছে, গাজ্জা শহরের উত্তর-পশ্চিমে উত্তর বাইত লাহিয়া এলাকায় ইসরাইলি ট্যাংক থেকে গুলিবর্ষণের পাশাপাশি দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি দখলদার বাহিনী অব্যাহতভাবে লঙ্ঘন করে চলেছে। বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মাধ্যমে এসব লঙ্ঘন করা হচ্ছে।
সূত্র : সাফা নিউজ এজেন্সি











