spot_img
spot_img

প্রতিবেশীদের ক্ষতি করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ইসরাইল: হাকান ফিদান

প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করে ইসরাইল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি ইসরাইলকে এ ধরনের নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তুরস্ক ও সিরিয়া নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি ও পুনর্গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিদান।

তিনি বলেন, ইসরাইলকে এখন উপলব্ধি করতে হবে যে, প্রতিবেশীদের ক্ষতি করে সে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাকে এই নীতি পরিত্যাগ করতে হবে।

ফিদান বলেন, ইসরাইলের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ নয়। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজ্জার মানবিক পরিস্থিতিও আরও ভয়াবহ হয়ে উঠছে।

তিনি বলেন, কোনো যুক্তি ছাড়াই এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রাখার মাধ্যমে ইসরাইল গাজ্জার ফিলিস্তিনিদের অত্যন্ত কঠিন মানবিক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে।

ফিদান বলেন, ইসরাইলকে গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার নীতি পরিত্যাগ করতে হবে।’ তিনি আরও বলেন, এসব লঙ্ঘন প্রতিরোধ করা এবং ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের পথ উন্মুক্ত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, গাজ্জায় সবচেয়ে বেশি পরিমাণে সরাসরি মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর অন্যতম হিসেবে প্রয়োজনীয় সহায়তা যেন বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা আমাদের সব সম্পদ কাজে লাগাচ্ছি।

দক্ষিণ সিরিয়ায় হামলা বন্ধ করতে হবে ইসরাইলকে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চল ও সিরিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইসরাইলের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড তুরস্কসহ অন্যান্য আঞ্চলিক দেশ যে নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার কাঠামো গড়ে তুলতে চাচ্ছে, তার জন্য হুমকি সৃষ্টি করছে।

তিনি বলেন, কোনো দেশের নিরাপত্তা তার প্রতিবেশীদের অস্থিতিশীলতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে না।

দক্ষিণ সিরিয়ায় দখলদার ইসরাইলের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির ভিত্তিতে একটি নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

ফিদান বলেন, সিরিয়ার জনগণের দৃঢ় সংকল্পের কারণে তুরস্ক সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

তিনি সিরিয়াকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ফিদান বলেন, আমরা চাই সিরিয়া সমৃদ্ধি ও শান্তি উপভোগ করুক এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। এ লক্ষ্য অর্জনে তুরস্ক তার উদ্যোগ ও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সিরিয়ার সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের উদ্যোগ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানিও আঞ্চলিক স্থিতিশীলতায় সিরিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ভিত্তি হলো সিরিয়ার স্থিতিশীলতা। আর এই কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তুরস্ক একটি অপরিহার্য অংশীদার।

ফিদান বলেন, তিনি ও আল-শাইবানি নিয়মিত আলোচনা করেন এবং তুরস্ক ও সিরিয়ার মধ্যে সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ বেশ কয়েকটি যৌথ প্রকল্প বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করেছে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার পরিকল্পনা পর্যালোচনা করেছে।

ফিদান জোর দিয়ে আরও বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষা করা তুরস্কের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাসবাদ ও দেশকে বিভক্ত করার প্রচেষ্টাসহ অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকিগুলো যেন আর সিরিয়ার আলোচ্যসূচিতে প্রাধান্য না পায় কিংবা বৃহত্তর অঞ্চলকে অস্থিতিশীল না করে। এ ক্ষেত্রে তুরস্ক ও সিরিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্গঠন এবং দেশটির নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদারে তুরস্ক ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।

ফিদান সতর্ক করে বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকি বিশেষ করে আইএসআইএস (দায়েশ) এবং জননিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

তিনি ক্ষমতাচ্যুত সিরীয় সরকারের রেখে যাওয়া যুদ্ধের অবশিষ্টাংশ অপসারণের সক্ষমতা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন। এ ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সতর্কতার সঙ্গে এগিয়ে নিচ্ছে বলে জানান তিনি।

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে

আল-শাইবানি বলেন, বাণিজ্য, জ্বালানি, পরিবহন, নিরাপত্তা ও পুনর্গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তিনি জানান, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। দুই দেশ বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার আশা করছে।

তিনি আরও বলেন, দুই দেশের বিদ্যুৎ সংযোগ লাইনের সক্ষমতা ৫০০ মেগাওয়াটে উন্নীত করার কাজ চলছে।

দামেস্ক ও তুরস্কের প্রধান শহর আনাতোলিয়া এবং ইজমিরের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে কামিশলি-নুসাইবিন সীমান্ত ক্রসিং পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।

আল-শাইবানি বলেন, তুরস্ক থেকে সিরিয়া হয়ে জর্ডান ও উপসাগরীয় অঞ্চলে বিস্তৃত রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়া, সড়ক পরিবহনের প্রতিবন্ধকতা দূর করা এবং ডিজিটাল অবকাঠামো উন্নত করার বিষয়েও দুই দেশ সম্মত হয়েছে।

উত্তর-পূর্ব সিরিয়ায় একীভূতকরণ প্রক্রিয়া

ফিদান বলেন, তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পূর্ব সিরিয়ায় একীভূতকরণ প্রক্রিয়া নিয়েও দুই দেশ আলোচনা করেছে। তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট এবং আঙ্কারা এই প্রক্রিয়াকে সমর্থন করে।

তিনি বলেন, তুরস্ক, সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবাদের অবসান হওয়া, মানুষের পরিচয় অস্বীকার করার প্রবণতা দূর করা এবং শান্তি ও স্থিতিশীল পরিবেশে সবাইকে নিজ নিজ রাজনৈতিক কর্মসূচিতে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেওয়া গুরুত্বপূর্ণ।

ফিদান জোর দিয়ে বলেন, এক রাষ্ট্র, এক সেনাবাহিনী’ নীতির ভিত্তিতে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা আরও শক্তিশালী হয়। তিনি এই নীতিকে প্রতিটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়ায় সিরীয় সমাজের সব অংশের অধিকার সুরক্ষিত রাখা এবং সামাজিক পুনর্মিলন জোরদার করা গুরুত্বপূর্ণ।

ফিদান বলেন, একীভূতকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে তুরস্ক সিরীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে এবং দ্বিপক্ষীয় শক্তিশালী অংশীদারত্বকে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রেও সম্প্রসারণে কাজ করবে।

যৌথ প্রকল্প ও দামেস্কে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত আলোচনায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুরহেফ আবু কাসরাও উপস্থিত ছিলেন।

ফিদান বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রটোকলের আওতায় দামেস্ক হার্ট হাসপাতাল উন্নত চিকিৎসাসুবিধা নিয়ে সিরিয়ার জনগণের সেবা শুরু করেছে।

তিনি আরও জানান, দামেস্কে আন্তর্জাতিক রজব তাইয়্যেব এরদোগান তুর্কি স্কুল গত মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে।

ফিদান ঘোষণা করেন, তুরস্ক ও সিরিয়া রাজধানী দামেস্কে যৌথভাবে ‘তুরস্ক-সিরিয়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

তিনি বলেন, দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে স্থাপন করা নেভিগেশন নিরাপত্তা ব্যবস্থাও সিরিয়ার বিমান পরিবহন সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে।

ফিদান বলেন, অবশ্যই আমাদের সামনে এখনো অনেক কাজ বাকি রয়েছে।

সিরিয়ার পুনর্গঠন ও শরণার্থীদের প্রত্যাবর্তন

আল-শাইবানি বলেন, ৭ লাখেরও বেশি সিরীয় নাগরিক দেশে ফিরে এসেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রত্যাবর্তন যেন টেকসই, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করতে আবাসন, মৌলিক সেবা ও জীবিকার সুযোগ প্রয়োজন।

বছরের পর বছর সিরীয়দের আশ্রয় দেওয়ার জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানান। একই সঙ্গে সিরিয়ার পুনর্গঠন প্রকল্পে তুর্কি কোম্পানিগুলো অংশগ্রহণ করতে পারে বলেও জানান তিনি।

আল-শাইবানি আরও ঘোষণা করেন, আঙ্কারায় সিরীয় দূতাবাস আগামী মাসের শুরুতে চালু হওয়ার কথা রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আল-শাইবানি উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানান। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সিরিয়ার জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

তিনি হরমুজ প্রণালি ও বাবুল মান্দেব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে অঞ্চলটির সংঘাতগুলো নিরসনে আলোচনাভিত্তিক সমাধানের প্রতি সিরিয়ার সমর্থনের কথা জানান।

আল-শাইবানি সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলি হামলা ও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির প্রতি সিরিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের বিষয়ে আল-শাইবানি বলেন, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুই পক্ষের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে তোলার পথ খুলে দিয়েছে।

তিনি বলেন, দামেস্ক এ সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায়, যা বিশেষ করে পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে দেশটির উন্নয়নে অবদান রাখবে।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া মধ্যপ্রাচ্যে সংকটের উৎস হিসেবে কিংবা শুধু সহায়তা গ্রহণকারী দেশ হিসেবে পরিচিত হতে চায় না। বরং দেশটি একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচিত হতে চায়।

ব্রাসেলসে সিরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ শুরু হওয়ার কথা উল্লেখ করে আল-শাইবানি বলেন, দামেস্কে অনুষ্ঠিত একটি ফোরামও দুই পক্ষের অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

তিনি ইউরোপের সঙ্গে সিরিয়ার ভৌগোলিক অবস্থান, বাণিজ্যিক ও ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই কৌশলগত অবস্থান থেকে উভয় পক্ষ কীভাবে উপকৃত হতে পারে, তা তারা মূল্যায়ন করবে।

মক্কা প্রতিরক্ষা জোট

আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিষ্ঠিত মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে আগ্রহের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফিদান বলেন, মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে ব্যাপক আগ্রহ আমাদের শান্তিমুখী প্রচেষ্টা যে অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তার স্পষ্ট প্রমাণ।

ফিদান বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি দেশগুলোর মধ্যে স্থায়ী ও ব্যাপক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই জোটটি প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি অন্যান্য দেশ তুরস্কের আঞ্চলিক উদ্যোগ ও আঞ্চলিক দেশগুলোর নিজস্ব নেতৃত্বের ধারণা গ্রহণ করায় স্বাগত জানান। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এ উদ্যোগকে তিনি বিশেষভাবে মূল্যবান বলে বর্ণনা করেন।

ফিদান বলেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দীর্ঘদিন ধরে এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছেন, যার প্রধান আঞ্চলিক লক্ষ্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে তুরস্কের কৌশলগত স্বার্থ থাকলেও স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই তাদের সামগ্রিক অগ্রাধিকার।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সরকারের পররাষ্ট্রনীতির ইতিহাস স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আস্থা তৈরি ও শান্তি জোরদারের ইতিহাস বলে বর্ণনা করেন ফিদান। তিনি বলেন, তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব অঞ্চলে দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠাকারী ভূমিকা আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, ‘তুরস্ক যত শক্তিশালী হয়েছে, তার অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠাকারী ভূমিকা তত বেশি কার্যকর হয়েছে।’ তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আঙ্কারা একটি আঞ্চলিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে।

আঞ্চলিক সহযোগিতা

ফিদান বলেন, এই দৃষ্টিভঙ্গিতে অন্যান্য আঞ্চলিক অংশীদারদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। মক্কা প্রতিরক্ষা জোট এই দৃষ্টিভঙ্গিরই একটি ফলাফল।

তিনি বলেন, ইসলামী বিশ্বের মধ্যে ভিন্ন জাতিগত পরিচয়, ভিন্ন ভৌগোলিক অবস্থান ও উল্লেখযোগ্য সক্ষমতা থাকা সত্ত্বেও সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো বড় দেশগুলো যে ঐক্য প্রদর্শন করেছে, তার মূল অর্থ হলো এখন থেকে আমরা আমাদের নিজস্ব কৌশলগত পরিসর ও ভূগোলের সমস্যাগুলোর দায়িত্ব নিজেরাই গ্রহণ করব।

তিনি আরও বলেন, এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো নিরাপত্তা। নিরাপত্তা ছাড়া স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা কঠিন।

ফিদান বলেন, আঙ্কারা এখন আর মনে করে না যে কোনো বহিরাগত আধিপত্যশীল শক্তি কিংবা অন্য কোনো দেশ বা দেশের গোষ্ঠীর এ অঞ্চলে এসে নিরাপত্তা সমস্যার সমাধান করা উপযুক্ত বা কার্যকর।

বরং আঞ্চলিক দেশগুলোর নিজেদের সক্ষমতা গড়ে তোলা, রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন এবং দায়িত্ব গ্রহণ করা উচিত বলে জানান তিনি। এ প্রচেষ্টায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নেতৃত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন ফিদান।

তিনি আরও বলেন, জোটের প্রাতিষ্ঠানিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে অঞ্চলটির শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে এমন অন্যান্য দেশকে অংশীদার হিসেবে স্বাগত জানাতে তুরস্ক ও তার সহযোগীরা আনন্দিত হবে।

ফিদান জানান, মক্কা প্রতিরক্ষা জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর মাসে জার্মানিতে অনুষ্ঠিত হবে R4+E4 বৈঠক

ফিদান তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরব নিয়ে গঠিত R4 প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন। তিনি এটিকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো আলোচনার একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন।

তিনি এই উদ্যোগে মিসরের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। এ ক্ষেত্রে মিসরের উল্লেখযোগ্য সক্ষমতা, আঞ্চলিক দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ উদ্বেগের ক্ষেত্রগুলোর নৈকট্যের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, এই প্রক্রিয়ার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে গাজ্জার মানবিক বিপর্যয়ের অবসান, ইসরাইলি সম্প্রসারণবাদের বিরোধিতা এবং অঞ্চলের বৃহত্তর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা।

ফিদান বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আমাদের আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অবশ্যই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনার দ্রুত ইতিবাচক পরিণতি নিশ্চিত করা। ইরানকে আরও চাপের মুখে না ফেলে এসব সমস্যা সমাধানের সদিচ্ছা প্রদর্শন করতে হবে।

তিনি অঞ্চলে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবেশী দেশগুলো যেন নিজেদের হুমকির মুখে মনে না করে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, R4 এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব উপস্থাপন করছে। আমরা যে প্রস্তাব ও উদ্যোগগুলো তুলে ধরেছি, সেগুলোর লক্ষ্য একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

ফিদান ঘোষণা করেন, আগামী ডিসেম্বর মাসে জার্মানিতে পরবর্তী R4+E4 বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর নিজস্ব নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণের ভিত্তিতে আঞ্চলিক সমস্যাগুলো মোকাবিলায় তারা কৌশলগত প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

ইউরোপীয় নিরাপত্তা ও ন্যাটো

ইউরোপীয় নিরাপত্তা প্রসঙ্গে ফিদান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। এই যুদ্ধ আরও বৃহত্তর সংঘাতের ঝুঁকি তুলে ধরেছে এবং ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

তিনি ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির নতুন অগ্রাধিকারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এসব পরিবর্তনের ফলে গত ৭০ বছর ধরে ইউরোপ যে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে আসছিল, তার অবসান ঘটেছে।

ফিদান বলেন, ন্যাটোর মধ্যে আমেরিকার ভূমিকা এবং ইউরোপীয় নিরাপত্তায় তার ভূমিকা পুনর্নির্ধারণ করা, পাশাপাশি পররাষ্ট্রনীতিতে ভিন্ন অগ্রাধিকার প্রকাশ করার ফলে গত ৭০ বছর ধরে স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকা ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার কাঠামো পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো নতুন নিরাপত্তা পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে এবং তুরস্ক এসব বিষয় নিয়ে আলোচনাধীন বিভিন্ন প্ল্যাটফর্মে অংশ নিচ্ছে।

ফিদান বলেন, R4 দেশগুলোর সঙ্গে জার্মানি, বৃটেন, ফ্রান্স ও ইতালি নিয়ে গঠিত E4 গোষ্ঠীর দেশগুলোকে একত্রিত করার ধারণা সামনে এসেছে।

তিনি জানান, গত মাসে ইস্তাম্বুলে দুই গোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তারা দেখতে পান, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দৃষ্টিভঙ্গি মোটামুটি একই রকম।

ফিদান বলেন, আমরা দেখেছি, মধ্যপ্রাচ্য ও ইউরোপ এই দুই কৌশলগত অঞ্চলের প্রায় সব আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়কে একইভাবে বিবেচনা করছে।

তিনি বলেন, তাৎক্ষণিক অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরান-আমেরিকা সংঘাতের অবসান, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জন, গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছানো, বাবুল মান্দেব ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা।

ফিদান বলেন, এসব বিষয় ইউরোপ ও মধ্যপ্রাচ্য উভয় অঞ্চলকেই প্রভাবিত করে এবং এর পরিণতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাই অভিন্ন মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বও এসে যায়।

তিনি বলেন, ‘এই বড় দেশগুলো যদি একত্রিত হয়ে সমস্যাগুলো একইভাবে মূল্যায়ন করে, তাহলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা ও এর প্রভাব কমাতে তাদের অভিন্ন অবস্থান গ্রহণ করতে হবে এবং কখনো কখনো দায়িত্ব ভাগ করে নিতে হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ