spot_img
spot_img

পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান: পাক উপপ্রধানমন্ত্রী

পারস্পরিক শ্রদ্ধা, সদিচ্ছা ও আস্থার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য ও জনগণের মধ্যে যোগাযোগ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

বুধবার (১৮ নভেম্বর) ইসলামাবাদে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন রেডিও পাকিস্তানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসহাক দার বলেন, দুই দেশের সম্পর্ক ইতিহাসের ভিত্তিতে গড়ে উঠেছে। সাংস্কৃতিক সাদৃশ্য এ সম্পর্ককে সমৃদ্ধ করেছে এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক তা ধরে রেখেছে। এসব দীর্ঘস্থায়ী বন্ধন দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও অর্থবহ করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে পাকিস্তান।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও বিনিময়ের হার তাকে উৎসাহিত করেছে। এ ধরনের যোগাযোগ পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায় সূচনার অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন।

বিশেষভাবে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের কথা উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগের আওতায় পাঁচ বছর মেয়াদে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান।

তিনি উল্লেখ করেন, চলতি বছর ইতোমধ্যে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

পাক উপপ্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, বাণিজ্য, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয় পাকিস্তান। এ সময় পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশিদ আল মাহমুদ তিতুমীর জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিঘ্নের প্রভাব নিয়ে আলোচনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই পক্ষ নজিরবিহীন জ্বালানি সংকট মোকাবিলা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি বাজারে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রভাব নিজেদের অর্থনীতিতে কমিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আলী পারভেজ মালিক বৈশ্বিক কঠিন পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পাকিস্তানের নেওয়া পদক্ষেপগুলো বাংলাদেশি উপদেষ্টাকে অবহিত করেন। সংকটের প্রভাব মোকাবিলা করে জনগণকে স্বস্তি দিতে লক্ষ্যভিত্তিক জ্বালানি ভর্তুকিসহ সরকারের বিভিন্ন উদ্যোগের বিস্তারিতও তিনি তুলে ধরেন।

অন্যদিকে রাশিদ আল মাহমুদ তিতুমীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সংকট নীতিনির্ধারণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তাকে সামনে নিয়ে এসেছে।

সূত্র : রেডিও পাকিস্তান, দ্য এক্সপ্রেস ট্রিবিউন (পাকিস্তান)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ